সন্তানদের শারীরিক ও নৈতিক সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন, দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ মন্তব্য করেন।
সামাজিক ও ধর্মীয় পরিবেশে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, যেকোনো পরিস্থিতিতে সন্তানের সার্বিক সুরক্ষার জন্য অভিভাবক ও পরিবারের সতর্ক অবস্থান প্রয়োজন। একই সাথে উগ্রবাদ, সহিংসতা এবং মব জাস্টিসের মতো বিচারবহির্ভূত সামাজিক অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্য সুরক্ষার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, শিশুদের প্রতি অপ্রয়োজনীয় বা অন্যায্য শারীরিক স্পর্শ ও স্পর্শকাতর স্থানে স্নেহ প্রকাশের ক্ষেত্রে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বরাত দিয়ে তিনি জানান, বড়দের মুখের লালা ও ব্যাকটেরিয়া থেকে শিশুদের মেনিনজাইটিস বা হারপিসের মতো জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। ফলে ধর্মীয় ও স্বাস্থ্যগত উভয় দৃষ্টিভঙ্গিতেই শিশুদের নিরাপত্তার স্বার্থে সবাইকে সংবেদনশীল ও সচেতন হতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় কেন্দ্রগুলোতে শিশুদের ওপর যেকোনো প্রকার অনৈতিক আচরণ ও বিকৃত অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান তিনি। একই সাথে কোনো অপরাধী বা উগ্রবাদী গোষ্ঠী যাতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা আলেম সমাজকে ব্যবহার করে সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
জেএইচআর
