বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা। তবে ভারতে এবার দশেরা পালিত হয়েছে গতকাল। আর সে উৎসব বিশেষভাবে পালন করতে কলকাতায় গিয়েছিলেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর ও কন্নড় সুপারস্টার যশ।
বহুল আলোচিত ‘রামায়ণ’ সিনেমার প্রচারেই তারা গিয়েছিলেন ‘সিটি অব জয়’ কলকাতায়। মঙ্গলবার (২০ অক্টোবর) ল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হয়েছিল রাবণ দহনের অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন
অনুষ্ঠানে শুভেন্দু ঘোষণা করেন, মুক্তি প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমাটি পশ্চিমবঙ্গে করমুক্ত থাকবে। পাশাপাশি ভবিষ্যতে শ্রীকৃষ্ণ, অর্জুন ও মহাভারতের মতো ভারতীয় পৌরাণিক কাহিনি নিয়ে আরও সিনেমা নির্মাণের আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে রণবীর কাপুর জানান, দশেরা উৎসবটি কলকাতায় পালন করতে পেরে তিনি নিজেকে ‘সৌভাগ্যবান’ মনে করছেন। তার ভাষ্য, ‘দশেরা আমাদের খুব সুন্দর একটি কথা মনে করিয়ে দেয়, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও শুভশক্তিরই জয় হয়।’

‘রামায়ণ’-এ রাবণ চরিত্রে অভিনয় করেছেন যশ। তিনি জানান, ২০০৪-২০০৫ সালের দিকে এই কলকাতাতেই তার থিয়েটার-জীবনের শুরু হয়েছিল। নরেন্দ্র উৎসবে মঞ্চের পেছনে কাজ করার সুযোগ পেয়ে তিনি ট্রেনে করে কলকাতায় এসেছিলেন। দীর্ঘ সময় পর চলচ্চিত্র অভিনেতা হিসেবে কলকাতায় ফিরে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি।
মঙ্গলবারের ওই আয়োজনে রাবণের ৬০ ফুট উঁচু কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল। এছাড়য়া ছিল রামের বিশাল প্রতিকৃতি, চোখধাঁধানো দৃশ্যায়ন, সাংস্কৃতিক পরিবেশনা এবং ড্রোনের মাধ্যমে আলোক প্রদর্শনী।
অনুষ্ঠানে রণবীর ও যশের পাশাপাশি উপস্থিত ছিলেন ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রা, পরিচালক নীতেশ তিওয়ারি এবং অভিনেতা রবি দুবে। ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
কেআই
