সিলেট ভয়েস ডেস্ক · ২০ অক্টোবর, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা বেশি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা নিয়ে প্রস্তুতি চলছে। তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনাই বেশি।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারা দেশে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন।
গুগলে আমাদের খবর পেতে
