শারদীয় দুর্গোৎসব ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহার জয়পাড়া ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার
বিগত দিনে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা পড়াশোনার মান না বাড়িয়ে পাসের হার বাড়িয়েছে। কিন্তু তারেক রহমানের সরকার তা করবে না। এ সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ দিয়েছে, প্রতিযোগিতার সুযোগ দিয়েছে।
রিজভী জামায়াতের উদ্দেশে বলেন, আপনারা লংমার্চ করছেন। এই লংমার্চ করে কি বিদ্যুৎ বাড়াতে পারবেন? পারলে কীভাবে বিদ্যুতের ঘাটতি
কমবে বিরোধী দল হিসেবে আপনারা পরামর্শ দিন। যারা পাওয়ার প্ল্যান্ট বসিয়েছে তারা বেশিরভাগই আওয়ামী লীগের, কই ওনাদের বিরুদ্ধে তো আপনারা কোনো শব্দ বের করলেন না।
রিজভী আরও বলেন, তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সরকার প্রতিটি সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফ্রি করে দিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।
জয়পাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
