দুর্গাপুজো মানেই শিল্পের উদযাপন। কোথাও মণ্ডপসজ্জায় অভিনব ভাবনা, কোথাও প্রতিমার গড়নে শৈল্পিক ছোঁয়া, আবার কোথাও মনমুগ্ধকর আলোকসজ্জা। কলকাতার সেরা পুজোগুলিকে স্বীকৃতি জানাতে তিন দশক ধরে এই শিল্পভাবনারই সঙ্গী ‘পুজো পারফেক্ট’ (Pujo Perfect)। দেখতে দেখতে ৩০ বছর পূর্ণ করেছে সংবাদ প্রতিদিন-এর এই উদ্যোগ। আর সেই বিশেষ উপলক্ষেই এবার নতুন সংযোজন বিশেষ জুরি অ্যাওয়ার্ডস। এই বিভাগে বিজয়ী পুজো কমিটি পাবে ২০ হাজার টাকা পুরস্কারমূল্য।
কলকাতার দুর্গাপুজোর জনপ্রিয়তম প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম ‘সংবাদ প্রতিদিন ডট ইন পুজো পারফেক্ট’। প্রতি বছর পুজোর দিনগুলিতে শিল্পী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলী শহরের এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে পুজো পরিদর্শন করেন। প্রতিমার শৈলী, মণ্ডপের ভাবনা, আলোকসজ্জা এবং সামগ্রিক নান্দনিকতার মতো একাধিক বিষয় বিচার করে বেছে নেওয়া হয় সেরাদের। এই প্রতিযোগিতাকে ঘিরে পুজো উদ্যোক্তা, শিল্পী এবং বিনোদন জগতের পরিচিত মুখদের মধ্যেও থাকে যথেষ্ট উৎসাহ। শহরের প্রায় ৩৫০ পুজো থেকে বাছাই করে প্রথমে সেরা ১২ নির্বাচিত হয়। সেখান থেকে সেরা ৫ পুজো, সেরা প্রতিমা এবং সেরা আইডিয়ার পুজোকে বেছে নেওয়া হয় প্রতিবছর।
তিন দশকের এই পথচলাকে আরও বিশেষ করে তুলতেই এবার প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে নতুন বিভাগ। যেসব পুজো নিজেদের সীমিত সাধ্যের মধ্যে দর্শককে মনমুগ্ধ করতে পারবে, বিগ বাজেটের পুজোয় যাতে সেই সমস্ত পুজো হারিয়ে না যায়, সেই কারণেই জন্ম বিশেষ জ্যুরি অ্যাওয়ার্ডের। অর্থাৎ এখানে ৫ কোটির সঙ্গে ৫ লাখি মণ্ডপকে আর পাল্লা দিতে হবে না। কম বাজেটে চমক দিলেও মিলবে ‘সেরা’র স্বীকৃতি।
শুধু চোখধাঁধানো আয়োজন নয়, পুজোর প্রতিটি উপাদানের মধ্যে শৈল্পিক সমন্বয় ও নান্দনিকতার প্রকাশ হবে বিচারের মাপকাঠি। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত। ৩০ বছরের মাইলফলকে নতুন জুরি অ্যাওয়ার্ড সেই পথচলাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
এবারও তাই খোঁজ চলবে সেরা পুজোর। সকলের সম্মিলিত প্রয়াসেই হয়ে উঠুক সকলের পুজো পারফেক্ট। বিস্তারিত জানুন – https://pujoperfect.in/
