অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো এবার মঞ্চনাটক নিয়ে হাজির হচ্ছেন। তার লেখা ও পরিচালনায় প্রথম নাটক ‘দ্য পপিনজে ক্যাভালিয়ার’ আগামী মার্চে লন্ডনের বিখ্যাত ওয়েস্ট এন্ডে মঞ্চস্থ হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন ব্রিটিশ কমেডিয়ান ও অভিনেতা সাশা ব্যারন কোহেন।
সম্প্রতি সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ও সোনিয়া ফ্রিডম্যান প্রোডাকশনস যৌথভাবে এ ঘোষণা দিয়েছে। ১৮৩০-এর দশকের ইউরোপকে কেন্দ্র করে নির্মিত নাটকটিতে থাকছে টারান্টিনোর নিজস্ব নির্মাণশৈলী ও তীক্ষ্ণ রসবোধের ছাপ।
লন্ডনের ফিনিক্স থিয়েটারে আগামী ২৩ ফেব্রুয়ারি নাটকটির প্রিভিউ প্রদর্শনী শুরু হবে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৮ মার্চ। ১৩ জুন পর্যন্ত নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।
এই নাটকের মাধ্যমে ওয়েস্ট এন্ডের মঞ্চে অভিষেক হতে যাচ্ছে সাশা ব্যারন কোহেনের। টারান্টিনোর সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘কোয়েন্টিন যখন আমাকে ফোন করে, তখনই রাজি হয়ে যাই। আমি ভীষণ আনন্দিত যে ওয়েস্ট এন্ডের মঞ্চে আমাদের দুজনের একসঙ্গে অভিষেক হতে চলেছে।’ টারান্টিনো এক বিবৃতিতে বলেন, ‘ওয়েস্ট এন্ডের দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
নাটকটির প্রযোজক টম রথম্যান ও সোনিয়া ফ্রিডম্যান জানিয়েছেন, টারান্টিনোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাদের কাছে দারুণ। মহড়ার সময় অভিনেতাদের পাশাপাশি অসিযোদ্ধা, অ্যাক্রোব্যাট ও সংগীতশিল্পীদের নিয়ে তার কাজের উদ্যম তাদের মুগ্ধ করেছে। এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাকশন কোঅর্ডিনেটর, ফাইট ডিরেক্টর এবং খ্যাতনামা পোশাক পরিকল্পকেরাও।
‘রিজারভয়ার ডগস’, ‘পাল্প ফিকশন’, ‘কিল বিল’ ও ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’-এর মতো আলোচিত সিনেমার নির্মাতা টারান্টিনো ২০১৯ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ পরিচালনার পর আর কোনো সিনেমা পরিচালনা করেননি। তবে ওই সিনেমার সিকুয়েল ‘দ্য ফারদার মিস-অ্যাডভেঞ্চারস অব ক্লিফ বুথ’-এর চিত্রনাট্য লিখেছেন তিনি। ডেভিড ফিঞ্চার পরিচালিত সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি নিজের লেখা সিনেমাগুলো উপন্যাসে রূপ দেওয়ার কাজও চালিয়ে যাচ্ছেন এই নির্মাতা।
