চট্টগ্রামের ফটিকছড়িতে পোল্ট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রমজান আলী (২৯) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রমজান আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর এলাকার মো. মোস্তফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে করিমপুরের ওই ফার্মে কর্মরত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, শনিবার রাতে ফার্মে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রমজান। রাত নয়টার দিকে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরমান জানান, হাসপাতালে আনার আগেই রমজান আলীর মৃত্যু হয়।
এসএম
