ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষন চেষ্টার অভিযোগে শাহজাহান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে উত্তম মাধ্যম দিয়েছে এলাকাবাসী। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে তাঁর একটি হাত ভেঙে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের অটোচালক আকতারুল ইসলাম জীবিকার তাগিদে গাড়ি নিয়ে বাইরে বের হয়ে যায়। ওই সময় স্ত্রী ইয়াসমিন (২৬) নিজ শয়নঘরে ঘুমিয়ে ছিল। সকাল অনুমান সাড়ে ৯ টার দিকে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহজাহান আলী (৩৬) চুপিসারে ওই গৃহবধূর ঘরে ঢুকে এবং তার যৌন লালসা চরিতার্থ করার জন্য ওই গৃবধুকে ধর্ষনের চেষ্টা চালায়।ওই সময় তাদের মধ্যে ধস্তাধস্তিতে ওই নারীর পড়নের কাপড় চোপড় ছিড়ে যায়। ধর্ষক শাহজাহান ওই নারীকে মারপিট করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং ধর্ষক শাহজাহানকে উত্তম মাধ্যম দেয়। এতে তার একটি হাত ভেঙ্গে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে তাদের হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় যৌন পীড়নের অভিযোগে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা অবধি থানায় মামলা হয়নি।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামাণিক জানান, এই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
