নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার শাহনাজ বেগম (৫৫) ও জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।
ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
