ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৪০ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৩২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে ১০ জন রয়েছেন। সরকারি হিসাব বলছে, চলতি বছরে সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন। আর ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
