প্রায় এক মাস ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটের ব্যবসায়ীরা। ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হওয়া ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন তারা।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড থেকে চাষাঢ়াগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি মার্কেটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গিয়ে শেষ হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এ সময় ‘বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই’ ও ‘বিদ্যুৎ দাও, ব্যবসায়ী বাঁচাও’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা জানান, বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৭৬ লাখ টাকা বকেয়া থাকায় এক মাস ধরে মার্কেটের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, গত নয় মাসে রানিং কমিটি দোকানমালিক ও ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ লাখ ৭১৫ টাকা আদায় করেছে। কিন্তু বিদ্যুৎ বিভাগের বকেয়া বিল পরিশোধ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাদের দাবি।
ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় দোকান পরিচালনা, পণ্য বিক্রি ও দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দোকানমালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তাদের দাবি, ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা অর্থের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে।
পাশাপাশি বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। অবরোধের খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমানসহ ফতুল্লা থানার পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার এবং পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন।
এ সময় স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। পরে দুপুরে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন। এতে প্রায় ৪৫ মিনিটের অবরোধের অবসান ঘটে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচিতে ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক জুয়েল রানা, কোষাধ্যক্ষ আব্দুর রহিম সাজু, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল বকুল ও গাজী মোহাম্মদ লিটন মোল্লাসহ মার্কেটের ব্যবসায়ী নেতারা এবং সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন, আদায় করা অর্থের হিসাব প্রকাশ এবং বকেয়া বিল নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা।
বিআলো/আমিনা