বছর ঘুরে এসেছে শারদীয় দুর্গাপূজা। ঢাকের তাল, শঙ্খধ্বনি আর উৎসবের আবহে মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বীরা। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদনজগতের তারকারাও আনন্দ ও প্রার্থনায় শামিল হচ্ছেন। প্রতিমা দর্শন ও পূজামণ্ডপে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছেন ভক্তদের সঙ্গে। এবার পূজার আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিয়ে সুন্দর বার্তা দিয়েছেন ঢালিউডের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী।
অষ্টমীর রাতে (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার বেশ কিছু নতুন ছবি প্রকাশ করেছেন মন্দিরা। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে নানা সাজে।
কখনো সোনালি পাড়ের ঐতিহ্যবাহী গোলাপি কাতান শাড়ি ও ভারী সোনার গয়নায় ধরা দিয়েছেন তিনি। আবার কখনো দেখা গেছে লাল-কালো রঙের সাধারণ সাজে।
প্রতিটি ছবিতেই দেবী প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিময় ভঙ্গিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
ছবিগুলোর সঙ্গে শারদীয় শুভেচ্ছা জানিয়ে মন্দিরা লিখেছেন, “শুভ্র আলো, শঙ্খধ্বনি আর ঢাকের তালে আবারও ধরায় আগমন মা দুর্গার। মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তাঁর আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, ঘুচে যাক সব অন্ধকার। প্রতিটি হৃদয় ভরে উঠুক ভালোবাসা, শান্তি, সম্প্রীতি আর আনন্দে। মা দুর্গা সবার জীবনে বয়ে আনুন সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল। জয় মা দুর্গা! শুভ শারদীয়া।”
এ ছাড়া নিজের অন্য একটি প্রোফাইল থেকেও অষ্টমীর রাতে পূজামণ্ডপে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। সেসব ছবিতে তাঁকে লাল শাড়িতে নজরকাড়া সাজে দেখা গেছে। পাশাপাশি রয়েছে পূজা উদ্যাপনের পারিবারিক মুহূর্তের ছবিও। সেখান থেকেও ভক্তদের অষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে মন্দিরার সাজসজ্জা ও সম্প্রীতির বার্তাসংবলিত শুভেচ্ছা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পাচ্ছে।
