‘স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আমাদের নিরাপত্তা দিতে পারছেন না, আর পররাষ্ট্রমন্ত্রী বিদেশে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় মাদারীপুরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চে আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মাদারীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সভার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, “বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে যথাযথ নিরাপত্তা দিতে পারছে না। গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার হিসেবে যদি তাঁরা ব্যর্থ হন, তবে তা অত্যন্ত হতাশাজনক। তবে বাংলাদেশকে আর কোনো আধিপত্যবাদী শক্তির নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না।”
পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, “তিনি যুক্তরাষ্ট্রে সাবেক প্রধান উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় প্রবাসে দেশের ভাবমূর্তি ও নিরাপত্তা রক্ষা করতে পারেননি। এই ব্যর্থতার দায়ভার তাঁকেই নিতে হবে।” তিনি আরও জানান, গঙ্গা চুক্তির মেয়াদ শেষে ভারতের কাছ থেকে দেশের ন্যায্য হিস্যা আদায় করে নেওয়া হবে।
মাদারীপুর জেলা এনসিপির আহ্বায়ক মনিরুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং কেন্দ্রীয় কমিটির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
এ সময় জেলা এনসিপির সদস্য সচিব ইয়াজ্জেন হোসেন রোমান ও সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেএইচআর
