পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল শনিবার রাঙামাটি জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত ‘উন্নয়ন ও আইন-শৃঙ্খলা’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘পার্বত্য এলাকার সর্বস্তরের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি পার্বত্য অঞ্চলের অপার সম্ভাবনা ও স্থানীয় সমস্যাগুলো সভায় তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।
রাঙামাটি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকার সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে বিস্তারিত আলোচনা করা হয়।
