Published on
:
1 min read
বলিউডের ‘ভাইজান’ সলমন খানের ফিটনেস নিয়ে চর্চা নতুন নয়। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির পোস্টার থেকে শুরু করে ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’-র জনপ্রিয় গান ‘ও জানে জানা’, তাঁর চেহারা বরাবরই অনুরাগীদের নজর কেড়েছে। শরীরচর্চা ও ফিটনেসের জন্য বহু অভিনেতার কাছেও অনুপ্রেরণা তিনি। তবে শরীরচর্চায় এতটা মনোযোগী সলমনের আবার মিষ্টির প্রতিও রয়েছে বিশেষ দুর্বলতা?
সম্প্রতি সেই মজার কথাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী করিশ্মা কাপুর। শো-এর অতিথি ছিলেন সলমন খান। সেখানে করিশ্মা কাপুরও যোগ দেন। কথায় কথায় উঠে আসে তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বের পুরোনো স্মৃতি। করিশ্মা জানান, কোরিয়োগ্রাফার সরোজ খানের নাচের ক্লাসে প্রথম দেখা হয়েছিল তাঁদের। সেই সময় সলমন তাঁকে একটি চকোলেট দিয়েছিলেন।
শুধু তাই নয়, ২০০০-এ মুক্তিপ্রাপ্ত ‘দুলহন হাম লে জায়েঙ্গে’ ছবির সুইৎজ়ারল্যান্ডে শুটিং চলাকালীন এক সকালে দলের সদস্যরা যখন ব্রেকফাস্ট করছিলেন, তখন সলমনের কাছে ছিল চকোলেটের একটি বড় প্যাকেট। বাইরে তখন প্রচণ্ড ঠান্ডা। করিশ্মার কথায়, সলমন নাকি অনেক সময় ব্রেকফাস্টেও চকোলেট খেতেন। তাঁর এই অভ্যাসের কথা শুনে স্বাভাবিক ভাবেই অবাক অনুরাগীরা।
