বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই যেন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। চোট, বিশ্রাম ও ব্যক্তিগত কারণ-সব মিলিয়ে ক্যারিবীয়দের স্কোয়াডে একের পর এক রদবদল। সর্বশেষ ব্যক্তিগত ও পারিবারিক কারণে দল ছেড়ে দেশে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন শামার স্প্রিঙ্গার।
১৫ সদস্যের দলে পরিবর্তনের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শেষ করে বাংলাদেশ সফরে যোগ দেওয়ার কথা ছিল পলের। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার।
পলের বিদায় অবশ্য স্প্রিঙ্গারের জন্য খুলে দিয়েছে নতুন এক দরজা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইতিমধ্যে তিনটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের সামনে এবার সাদা পোশাকের ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা থাকলেও এখনো টেস্ট অভিষেক হয়নি তার।
স্প্রিঙ্গারের সবচেয়ে বড় শক্তি তার অলরাউন্ড সামর্থ্য। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচ খেলে ১ হাজার ৪৩ রান করেছেন, ব্যাটিং গড় ৩২.৫৯। বল হাতে শিকার করেছেন ৫৮ উইকেট, গড় ২৭.৮৭। কেবল বোলিং নয়, প্রয়োজনে ব্যাট হাতেও দলকে ভরসা দিতে পারেন তিনি।
সাম্প্রতিক পারফরম্যান্সও নির্বাচকদের নজর কেড়েছে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাত উইকেট নিয়েছেন স্প্রিঙ্গার। এ ছাড়া ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে চার ম্যাচে ২৫১ রান করেছেন তিনি। যদিও বল হাতে আট ইনিংসে পেয়েছেন সাত উইকেট।
কিমোর বিকল্প হিসেবে নির্বাচকদের বিবেচনায় ছিলেন ওজে শিল্ডস ও নিয়াল স্মিথ। কিন্তু চোটের কারণে তাদের কাউকেই পাওয়া যায়নি। শেষ পর্যন্ত স্প্রিঙ্গারের ওপরই আস্থা রাখতে হয়েছে দলীয় ব্যবস্থাপনাকে।
এনিয়ে বাংলাদেশ সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের দল গঠনে একাধিক পরিবর্তন হলো। কাজের চাপ সামলাতে পেসার আলজারি জোসেফকে সরিয়ে নেওয়ার পর তার জায়গায় প্রথমে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিমো পলকে। এবার পলের বিদায়ে সেই জায়গায় এলেন স্প্রিঙ্গার। অন্যদিকে সাদা বলের অধিনায়ক শাই হোপকেও এই সফরে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ভারত সফর শেষ করেই এবার বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছে ক্যারিবীয় দল। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করেছে তারা। বৃষ্টির কারণে বেঙ্গালুরুতে শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সিরিজের নিষ্পত্তি হয়নি।
বাংলাদেশ সফরে আগামী ২২ ও ২৩ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দল
রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জ্যাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।
