Published on
:
1 min read
ডিভিসির ক্যানেলে তলিয়ে নিখোঁজ দুই ভাই। দুর্গাপুজোর ছুটিতে বাঁকুড়ার পাত্রসায়ের থানার অন্তর্গত বোরলবান্দি গ্রামে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল দুই ভাই। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে ডিভিসির ক্যানেলের পাড়ে বসে মোবাইল ফোন দেখছিল তারা। একজনের মোবাইল ফোন জলে পড়ে যায় এবং পা পিছলে পড়ে যায় অন্য ভাই। তাকে উদ্ধার করতে গিয়ে জলে তলিয়ে যায় দুজনেই।
খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজন। ঘটনাস্থলে পৌঁছয় পাত্রসায়ের থানার পুলিশও। গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও দুই নাবালকের কোনও খোঁজ পায় নি পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওরা দু'জন মাসতুতো ভাই। তাদের নাম পারিজাত মণ্ডল (দুর্গাপুর) এবং অনিন্দ্য পুরকাইত (পশ্চিম মেদিনীপুর)। সোমবার গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের কোনও সন্ধান পায়নি পুলিশ। মঙ্গলবার সকালে আবারও উদ্ধারকাজে নামে বিষ্ণুপুরের বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্পিডবোটের সাহায্যে জোরকদমে চলছে তল্লাশি। কিন্তু এখনও পর্যন্ত ওই দুই নাবালকের সন্ধান না মেলায় পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নাবালকদের মামা সুব্রত হাজরা জানান, দু'জনে খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। ডিভিসির সেচ ক্যানেলের পাড়ে গিয়ে বসেছিল তারা। কিন্তু কি ভাবে দুই ভাই জলে পড়ে গিয়েছে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। পুলিশ খালে দড়ি ও জাল ফেলে তল্লাশি চালিয়েছে। যদিও সোমবার দুপুর থেকে এখনও পর্যন্ত তাদের কোনও খোঁজ পায়নি পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম।
