গেজেট প্রতিবেদন অক্টোবর ২০, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
নেত্রকোণার দুর্গাপুরে চাঞ্চল্যকর সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি সাজিবুল ইসলাম অপূর্বের (২২) ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুর্গাপুর আদালতের জিআরও রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে অপূর্বকে দুর্গাপুর আদালতে হাজির করে পুলিশ পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিজ্ঞ বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, রিমান্ডে আসামির কাছ থেকে এই হত্যাকাণ্ড সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ্যে আনা যাচ্ছে না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাবেক সেনা সদস্য ও ডিটেকটিভ আর্টিকেল ফেসবুক পেজের কর্ণধার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। ময়নাতদন্তে তার শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।পরবর্তীতে শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে দুর্গাপুর বাজারের পুরাতন সিনেমা হলের পাশ থেকে আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত অপূর্ব পূর্বে পুলিশ হত্যা মামলার ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া অন্যতম আসামি ছিল।
খুলনা গেজেট/এএজে
