সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন ওমরাহযাত্রী দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ওমরাহযাত্রীদের দলটির মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, মঙ্গলবার তাদের দেশে ফেরার কথা ছিল। তবে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদের ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। দুই দিন অপেক্ষার পর জনপ্রতি অতিরিক্ত ২০ হাজার টাকা ভাড়া দিয়ে কাতার এয়ারলাইনসের বিমানে বিকল্প পথে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
বিজ্ঞাপন
মোহাম্মদ রায়হান বলেন, মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে তাদের থাকার জন্য নির্ধারিত চুক্তির মেয়াদ ছিল। নির্ধারিত সময়ে দেশে ফিরতে না পারায় নতুন করে থাকার জায়গা খুঁজতে গিয়ে তাদের ভোগান্তিতে পড়তে হয়। নারী, শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই কষ্টে পড়েন। কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করতে হয়।
ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা সাগর সরদার বলেন, তিনি মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। ওমরাহ শেষে দেশে ফেরার প্রস্তুতির সময় বিমানবন্দরে হামলার ঘটনায় পরিস্থিতি পাল্টে যায়। পরে জনপ্রতি অতিরিক্ত ২০ হাজার টাকা দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করেন তারা।
বিজ্ঞাপন
দেশে ফেরার পর ওমরাহযাত্রী জায়েদ আল-সামি জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় সৌদি আরবের মদিনা বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইনসের একটি বিমানে তারা যাত্রা শুরু করেন। বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশে পৌঁছান।
ঈশ্বরদীর সাঁড়া গোপালপুর বকশিরচকের শাহ্ পাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন শাহ্ বলেন, ৫০ জনের দলে ৭০ থেকে ৮০ বছর বয়সী কয়েকজন নারী-পুরুষ ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ায় দেশে থাকা স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষ পর্যন্ত সবাই দেশে ফিরতে পারায় স্বস্তি পেয়েছেন তারা।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, সৌদি আরবে আটকে পড়া ওমরাহযাত্রীদের বিষয়ে পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা নিরাপদে দেশে ফিরেছেন।
শেখ মহসীন/কেএইচকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
