প্রকাশিত: ২২:৫১, ২৩ অক্টোবর ২০২৬
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পুলিশের হাতে গ্রেপ্তার অরুণ সমাদ্দার
মাদারীপুরের ডাসারে পরকীয়ার প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী অরুণ সমাদ্দারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের এক দিন পর শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ডাসার উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে অরুণ সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার ধামুসা গ্রামের জিতেন সমাদ্দারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ সমাদ্দারের সঙ্গে একই গ্রামের সারথী দে নামের এক গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। এর প্রতিবাদ করায় পুতুল ও অরুণের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি নিহতের পরিবারের।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রান্নাঘরে তাদের মধ্যে ধস্তাধস্তি ঘটে। এ সময় অরুণ সমাদ্দার তার স্ত্রী পুতুল সমাদ্দারকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহতের ভাই রতন নাগ বাদী হয়ে অরুণ সমাদ্দারকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ডাসার থানায় হত্যা মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি অরুণ সমাদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেছেন, “নিহতের ভাই রতন নাগ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি অরুণ সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।”
