নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে হত্যার অভিযোগ, আটক ২
নোয়াখালী প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। সোমবার সকালে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) তুষ্ট লাল বিষয়টি নিশ্চিত করেন।
নিহত কামাল সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে পাঁচ-ছয় বছর আগে কামালের সঙ্গে তানিয়ার বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি মেয়েকে দেখতে এসে সাবেক শ্বশুরবাড়িতে থাকার জায়গা না পেয়ে পাশের মাদ্রাসার মাঠে ঘুমাতেন তিনি।
পুলিশ জানায়, গত শনিবার ইট দিয়ে সাবেক শ্বশুর আমির হোসেনকে মারধর করে আহত করেন কামাল। এর জেরে পরদিন রাতে ঘুমন্ত অবস্থায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় কামালের সাবেক স্ত্রী তানিয়া (৪০), তাঁর শাশুড়ি করফুলের নেছা (৫৮) ও তানিয়ার ভাই আকাশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশ তানিয়া ও করফুলের নেছাকে আটক করেছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

