চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল; এ সময় তিনি নিয়মিত মশক নিধন, জমে থাকা পানি অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে জেলা শহরের পিটিআই এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল এমপি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন, এডিস মশার লার্ভা ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে পৌরবাসীকে রক্ষা করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়িঘর, ছাঁদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুজার গিফারী। এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ পৌর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
