বিতর্ক, অলিম্পিয়াড, পোস্টার উপস্থাপনা, স্টল প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাফেস্ট-২০২৬। গত সোমবার বিশ্ববিদ্যালয়টির ফার্মাসিউটিক্যাল ক্লাব ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ১৩তম এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতামূলক আয়োজনের মধ্যে ১৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। প্রথম রানারআপ হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং দ্বিতীয় রানারআপ হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
অন্যদিকে, ১৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত ফার্মা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ও প্রথম রানারআপ—দুই স্থানই অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। দ্বিতীয় রানারআপ হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
‘সাসটেইনেবিলিটি’ বা টেকসই উন্নয়নকে মূল প্রতিপাদ্য করে আয়োজিত এবারের উৎসবের স্লোগান ছিল ‘কনজার্ভ টুডে, থ্রাইভ টুমরো’। উৎসবে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও মেধা বিকাশের পাশাপাশি ফার্মাসিউটিক্যাল শিল্পে টেকসই উদ্যোগের ওপর গুরুত্ব দেয়া হয়। বিতর্ক ও অলিম্পিয়াড ছাড়াও পোস্টার উপস্থাপনা, স্টল প্রদর্শনী এবং ‘ফার্মা ওয়াক’ অনুষ্ঠিত হয়। উৎসবের সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন শিল্পী প্রীতম হাসান।
ফার্মাফেস্টের সঙ্গে যুক্ত ছিল ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস ২০২৬’। ‘ইনোভেশন্স ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’ প্রতিপাদ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনটি মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের ফার্মেসি অনুষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। একই আয়োজনে এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ২০ বছর পূর্তিও উদযাপন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের চেয়ার ও এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার। বক্তব্য দেন সম্মেলনের কো-চেয়ার ও ইউনিভার্সিটি অব মালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড. নুসায়বাহ আব্দুল রহিম, এনএসইউ স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নাসার ইউ. আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অজিজ আল কায়সার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
আন্তর্জাতিক সম্মেলনের টাইটেল স্পন্সর ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি। ফার্মাফেস্টের টাইটেল স্পন্সর দ্য সিটি ব্যাংক পিএলসি এবং কো-স্পন্সর জিহো সিএফমোটো। এ ছাড়া বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান উৎসবের বিভিন্ন আয়োজনে পৃষ্ঠপোষকতা করে।
