দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৩৯ জন। সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগীসহ চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ২৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৪০০ জনে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ১ হাজার ১৫৩ জন। এ ছাড়া রাজশাহীতে ২২৪ জন, চট্টগ্রামে ২১৭ জন, বরিশালে ২১১ জন, ময়মনসিংহে ১৫৫ জন, রংপুরে ৮২ জন এবং খুলনায় ২৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।
