Published on
:
2 min read
চলে গেলেন ‘ব্রেকিং ব্যাড’-এর ওয়াল্টার হোয়াইট জুনিয়ার খ্যাত আরজে মিট (৩৪)। টেক্সাসের ব্রাউনসভিলে নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। তবে অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফক্স নিউজ়ের প্রতিবেদন অনুযায়ী, মিট আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টেক্সাস পুলিশ।
এ দিন দ্য হলিউউ রিপোর্টার-কে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর পাবলিসিস্ট শন রেইলি। তিনি বলেন, ‘আমাদের প্রিয় অভিনেতা, সমাজসেবী এবং বিশেষ ভাবে সক্ষম মানুষদের অধিকার রক্ষার লড়াকু যোদ্ধা আরজে মিট আর নেই।’ তবে কী ভাবে অভিনেতার মৃত্যু হলো সেই নিয়ে মুখ খোলেননি তিনিও।
জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ় ‘ব্রেকিং ব্যাড’-এর প্রধান চরিত্র ওয়াল্টার হোয়াইটের ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন মিট। টানা পাঁচটি সিরিজ়েই দেখা গিয়েছে তাঁকে। তার মধ্যেই নিজের জাত চিনিয়েছিলেন অভিনেতা। পর্দায় হোয়াইট জুনিয়ারের চরিত্রের মতো বাস্তবে মাত্র তিন বছর বয়সে সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়েছিলেন মিট। তবে নিজের শারীরিক সীমাবদ্ধতায় দমে যাননি। বরং বিশেষ ভাবে সক্ষমদের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন বরাবর। ইউনাইটেড সেরিব্রাল পালসি এবং শ্রাইনার্স চিলড্রেনসের অ্যাম্বাসাডরও হয়েছিলেন তিনি।
গত বছরেই (২০২৫ সাল) দীর্ঘদিনের বান্ধবী কেনেডি সুয়ারেজের সঙ্গে বাগদান সারেন মিট। ক্যালিফোর্নিয়ার কার্লসবাডে পার্ক হায়াত অ্যাভিয়ারা রিসর্টে ইউনাইটেড সেরিব্রাল পালসি অফ সান দিয়েগোর তহবিল সংগ্রহ অনুষ্ঠানে কেনেডিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন শুধু উপস্থিত অতিথিরা।
অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন অনুরাগীরা। মিটের এক ভক্ত লিখেছেন, ‘ওয়াল্টার হোয়াইট জুনিয়ারের চরিত্রটা একমাত্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মিট নিজের অভিনয় দিয়ে সেটাকে কখনও কখনও কেন্দ্রীয় চরিত্র করে তুলতে পেরেছিলেন।’
উল্লেখ্য, গত ৮ অক্টোবর অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় রিলিজ করেছে তাঁর ছবি ‘টকিং টু দ্য স্ট্রেঞ্জার্স’। এই ছবিতেও সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন মিট। আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে তাঁর শেষ ছবি ‘ওয়ান আই ওপেন’। ইনস্টাগ্রামে এই ছবির প্রচারও করেছিলেন তিনি।
