প্রতিনিধি, কানাইঘাট · ১৫ অক্টোবর, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন
সিলেটের কানাইঘাটে আজিজুর রহমান হত্যা মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের নারাইনপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৭ জুলাই আজিজুর রহমানকে (৩৭) মারধর করা হয়। ওই দিন জুমার নামাজ শেষে গ্রামের মসজিদ থেকে বের হওয়ার পর মসজিদের আঙিনায় আলমগীর ও তার সহযোগীরা আজিজুরের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হন তিনি। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
নিহত আজিজুর রহমান একই গ্রামের ইজ্জত উল্লার ছেলে। এ ঘটনায় তার মা করিবুন নেছা বাদী হয়ে আলমগীরকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে কানাইঘাট থানায় হত্যা মামলা করেন। মামলার কয়েকজন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন। পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে তিনি পলাতক ছিলেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার আলমগীরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।
গুগলে আমাদের খবর পেতে
