
লালমাইয়ে ১৭টি পূজামণ্ডপে মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের অনুদান
নিজেস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন’। কুমিল্লা জেলার লালমাই উপজেলার ১৭টি পূজামণ্ডপে নগদ আর্থিক অনুদান দিয়েছেন সংগঠনটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন।
প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৭০ হাজার টাকা উপহার হিসেবে প্রদান করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবে সহযোগিতা প্রদান করায় এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসিত হয়েছে এ উদ্যোগ।
সহযোগিতা পেয়ে পূজামণ্ডপের দায়িত্বশীলরা মো. ফরহাদ হোসেনকে সাধুবাদ জানিয়ে বলেন, "ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদার ও আন্তরিক সহযোগিতা আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত।"
অর্থ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
লালমাই উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশন সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, রয়েল ডায়াগনস্টিক সেন্টার পরিচালক ওসমান গণি মুন্না, যুবদল নেতা বেলায়েত হোসেন সোহেল, আবদুল কাদের, সাইফুল মোল্লা, নোমান হোসেন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সংগঠকবৃন্দ।
অনুদান প্রদানকালে মো. ফরহাদ হোসেন বলেন, "শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এবং আমাদের সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমার প্রত্যাশা। আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী লালমাইয়ের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।"
ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
