স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে যেতে হয়েছিল ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে। দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে সাত মাস পর নতুন কাজ শুরুর খবর জানিয়েছেন এই অভিনেতা।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ফেসবুকে আলভী লিখেছেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।’
এর আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘স্বাগত জানাবেন না আপনারা আমাকে...’

পরে সাত মাস পর আবার কাজ শুরু করার কথা জানান আলভী। তাঁর নতুন কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি। এর প্রযোজক মাহমুদ হাসান রানা। তবে কাজটির নাম, গল্প কিংবা প্রচারের সময় সম্পর্কে বিস্তারিত জানাননি অভিনেতা।
আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরে ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। এরপর ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান জাহের আলভী।
দীর্ঘ বিরতির পর কাজে ফেরার ঘোষণায় নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। তবে তাঁর নতুন কাজটি নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এমএম/
