শতবর্ষের জীবন পেরিয়ে না ফেরার দেশে চলে গেলেন মার্কিন অভিনেত্রী বেটি ম্যাকগুয়ার। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘গ্রোয়িং পেইনস’-এ পরিবারের দাদি কেট ম্যালোন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। গত ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উডল্যান্ড হিলসে মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ডের ওয়াসারম্যান ক্যাম্পাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। স্বাভাবিক কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বেটি ম্যাকগুয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার পাওয়ার অব অ্যাটর্নি কিথ গেরচাক। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন, চলচ্চিত্র ও মঞ্চনাটকে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি। বিশেষ করে ‘গ্রোয়িং পেইনস’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের কাছে তাকে আলাদা পরিচিতি এনে দেয়।
ধারাবাহিকটিতে প্রায় সাত বছর যুক্ত ছিলেন বেটি। প্রথম ও দ্বিতীয় মৌসুমের পাশাপাশি চতুর্থ থেকে সপ্তম মৌসুমেও দেখা গেছে তাকে। এতে পরিবারের দাদি কেট ম্যালোন চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্রের মধ্য দিয়ে টেলিভিশন দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন বেটি।
ছোট পর্দায় তার কাজের তালিকাও বেশ সমৃদ্ধ। ‘ফ্যালকন ক্রেস্ট’, ‘দ্য ডরিস ডে শো’, ‘কলাম্বো’, ‘স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন’, ‘হিল স্ট্রিট ব্লুজ’, ‘ইআর’, ‘সিএসআই: মায়ামি’, ‘ম্যাকগাইভার’, ‘মুনলাইটিং’ ও ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘চিচ অ্যান্ড চং’স আপ ইন স্মোক’ ও ‘কোমা’।
মঞ্চেও ছিল বেটির সাবলীল বিচরণ। ব্রডওয়ের ‘প্লেইন অ্যান্ড ফ্যান্সি’, ‘হ্যাপি হান্টিং’ ও ‘ওহ, ক্যাপ্টেন!’ নাটকে অভিনয় করেছেন তিনি। পরবর্তী সময়ে লাস ভেগাসে ‘মেম’ প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এ ছাড়া ‘জিপসি’, ‘আন্ট মেম’, ‘অলিভার!’, ‘হাউ টু সাকসিড ইন বিজনেস…’ এবং ‘জিগফেল্ড ফলিস অব ১৯৫৬’সহ বিভিন্ন মঞ্চনাটকের দল নিয়ে সফর করেছেন।
শুধু অভিনয়েই সীমাবদ্ধ ছিল না তার জীবন। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কাজেও যুক্ত ছিলেন বেটি ম্যাকগুয়ার। লস অ্যাঞ্জেলেসে নিম্ন আয়ের ভাড়াটিয়াদের উচ্ছেদের বিরুদ্ধে আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠান কোয়ালিশন ফর ইকোনমিক সারভাইভালের আইনি সহায়তা কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি অবসরজীবন কাটানো মানুষের জন্য পরিচালিত একটি আবাসনকেন্দ্রের চ্যানেল ২২-এ ‘গ্যাবফেস্ট’ নামের টক শো উপস্থাপনা করেছেন।
দীর্ঘ কর্মজীবন ও শতবর্ষের জীবন শেষে বিদায় নিলেন এই অভিনেত্রী। মৃত্যুর সময় বেটি ম্যাকগুয়ারের কোনো জীবিত উত্তরাধিকারী ছিলেন না।
