বহিষ্কার নেতা বলেন, ভিডিও কলে থাকা ওই নারী তার স্ত্রী, ভিডিওটি কয়েকমাস আগের।
Published : 13 Oct 2026, 08:42 PM
Updated : 13 Oct 2026, 08:42 PM
ফেইসবুকে এক নারীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার রাতে জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নুরুল ইসলাম বলেন, রোববার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আব্বাস উদ্দিনের পদ স্থগিত করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দলের কেন্দ্রীয় কমিটি। কমিটির প্রধান করা হয় ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি অধ্যাপক কামাল উদ্দিনকে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আব্বাস উদ্দিনকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্বাস উদ্দিনের বিরুদ্ধে চারিত্রিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে তাকে দলীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন জয়েন্ট সেক্রেটারি মাওলানা সালাউদ্দিন।
তবে আব্বাস উদ্দিনের দাবি, ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। তার ভাষ্য, যে মোবাইল ফোনে ভিডিওটি ছিল, সেটি সম্প্রতি চুরি হয়ে যায়। একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন আব্বাস উদ্দিন।
