ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় কোম্পানিটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন আগামী ১৬ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত।
আজ সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত নজরুল ইসলামের জামিন স্থগিত করে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহিম ভূইয়া নজরুল ইসলামের জামিন আদেশ বাতিল চেয়ে আবেদন করা হয়।
২০২২ সালে ঢাকার শাহবাগ থানায় ফারইস্টের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে প্রধান আসামি করে মামলাটি করেন। এরপর থেকে নজরুল ইসলামের গ্রেপ্তার, রিমান্ড, কারাবাস, জামিন এবং পুনরায় কারাগারে পাঠানোর ঘটনাপ্রবাহে একাধিকবার নতুন মোড় এসেছে। সর্বশেষ হাইকোর্টের জামিনর আদেশে মামলাটি আবারও আলোচনায় এসেছে। ইতোমধ্যে তদন্ত শেষে ডিএমপির ডিবি পুলিশ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ১ হাজার ৯৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে নজরুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে।
২০২২ সালের ১৩ সেপ্টেম্বর প্রথম গ্রেপ্তার হন নজরুল ইসলাম। প্রায় তিন মাস কারাবাসের পর ওই বছরের ১৬ ডিসেম্বর জামিনে মুক্তি পান তিনি। পরে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ১৭ অক্টোবর আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর একই বছরের ১১ নভেম্বর হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন এবং ১৩ আগস্ট স্থায়ী জামিন লাভ করেন নজরুল ইসলাম।
