ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অর্থিক পৃষ্টপোষকতায় আয়োজিত মেয়র অনুর্ধ্ব – ১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে রামপুর ফুটবল একাডেমি।
আজ শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রামপুর ফুটবল একাডেমি ৩ – ১ গোলে আকুবদন্ডী ফুটবল একাডেমিকে পারজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলার ৮ মিনিটে অংকুর দাশের গোলে এগিয়ে যায় রামপুর একাডেমি। প্রথমার্ধে আর গোল পায়নি দলটি। ফলে -০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রামপুর একাডেমি। বিরতি থেকে ফিরে খেলার ৪১ মিনিটে সমতা ফেরায় আকুবদন্ডী একাডেমি। আব্বাস উদ্দিন গোল করলে খেলায় সমতা এবং উত্তেজনা দুটোই ফিরে। তবে এগিয়ে যেতে সময় নেয়নি রামপুর একাডেমি। ৪৩ মিনিটে মাহফুজুর রহমানের গোলে আবার এগিয়ে যায় রামপুর একাডেমি।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আকুবদন্ডী ফুটবল একাডেমি। খেলার অতিরিক্ত সময়ে নুরুল হুদা গোল করলে শিরোপা নিশ্চিত হয়ে যায় রামপুর ফুটবল একাডেমির। ৩-১ গোলের জয়ের পাশাপাশি শিরোপা জয়ের উল্লাসে মাতে রামপুর ফুটবল একাডেমির খেলোয়াড় কর্মকর্তারা।
খেলা শেষে সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানাসআপ দলকে যথাক্রমে ৩০ হাজার এবং ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেন সিটি মেয়র ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু ও মোহাম্মদ শাহাজাহান, সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সহ সভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর, বাফুফে প্রতিনিধি মাহাবুবুর রহমান পলো, সিডিএফএ নির্বাহী সদস্য মাহামুদুর রহমান মাহবুব, হারুন উর রশিদ, কাজী জসিম উদ্দিন, সাইফুল আলম খান, আবু সৈয়দ মাহামুদ, মোঃ সরওয়ার আলম মনি, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত পাবলু ও সালাউদ্দিন জাহেদ।
চট্টগ্রামনিউজ/এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
