ফ্রান্সে সহিংস বিক্ষোভ ও লুটপাটের পর আগামী শনিবারের সম্ভাব্য কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করছে সরকার। এদিন পুলিশের সহায়তায় সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ।
মঙ্গলবার (২০ অক্টোবর) জাতীয় পরিষদে তিনি বলেন, সহিংসতা দমনে সেন্তিনেল বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে, যাতে পুলিশ ও আধা সামরিক বাহিনী জেন্ডার্মস সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মনোযোগ দিতে পারেন।
শনিবারের বিক্ষোভে পুলিশেরও ব্যাপক উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু। কট্টর বামপন্থিদের বিরুদ্ধে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার জাতীয় পরিষদে তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা খাতে বিশৃঙ্খলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের সুযোগ নিয়েছে কট্টর বামপন্থি গোষ্ঠীগুলো। কিছু এলাকায় বামপন্থি গোষ্ঠীর নেতৃত্বে অভ্যুত্থানের তৎপরতাও দেখা গেছে। এসব গোষ্ঠীকে প্রেসিডেন্টের কার্যালয় কিংবা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অভিমুখে মিছিল করতে দেওয়া হবে না।
গত সোমবার সেন্ট্রাল প্যারিসসহ ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের কিছু এলাকা এবং আরও কয়েকটি শহরে কারফিউ জারি করে বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ করা হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে মার্সেই শহরের কিছু এলাকায় অপ্রাপ্তবয়স্কদের জন্য কারফিউ কার্যকরের খবর পাওয়া গেছে। মার্সেইয়ে এ পর্যন্ত ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের প্রায় এক-চতুর্থাংশই অপ্রাপ্তবয়স্ক।
আবা/এসআর/২৬
