নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিক সমাজের ব্যানারে এ কার্যক্রম করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে বিরিশিরি ইউনিয়নের তেলঞ্জু এলাকায় দুর্বৃত্তের গুলিতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নিহত হন। এ ঘটনায় শুক্রবার রাতে আলিফ ফকিরের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দূর্গাপুর থানায় ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মানববন্ধনে বক্তব্য দেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক আবুল কালাম প্রমুখ। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আততায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
অপরদিকে, দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভায় সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় ও সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি রাজ্জাক মাহমুদ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, সাংবাদিক ইমরান আকন্দ। সভায় বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হলো কিন্তু এক আসামিকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। দুর্গাপুরে এসব সন্ত্রাসীরা কোথায় থেকে এসেছে তা খুঁজে বের করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। এ হত্যাকান্ড নিয়ে কোন গাফিলতি করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তাই দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। পরে প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
