Kazi Hafizur Rahaman নিজস্ব প্রতিবেদক
কার্তিকের দুপুরবেলা
প্রথম শনিবারে,
তোমার ছেলে ফিরবে
মাগো, কলেরগাড়ি চড়ে।
সারাবেলা ঘুরবো আমি
পর্ব-পশ্চিম পাড়া
পিছন থেকে ডাকবে আমায়
ভালোবাসে যাঁরা।
খালপাড়ে দেখা হলে
রেনু কাকীর সাথে,
হাসি মুখে বলবে তিনি
খেতে আসিস রাতে।
আমায় দেখে আবু দাদা
গাইবে দারুণ গান,
হাতের মধ্যে গুজে দিবে
জর্দা মাখা পান।
সন্ধ্যাবেলা ছুটবো আমি
ইছামতির বিলে,
সেখান থেকে পাড়ি দেবো
সরুশুনার খালে।
এমনি করে কেটে যাবে
আমার কিছুদিন,
আমার কাছে ইছামতির
আছে অনেক ঋণ।
কলমি লতা,শাপলাপাতা
ডাকবে আমায় কাছে,
ঘাসফড়িংও মিষ্টি হেসে
বলবে কথা আছে।
আমগাছের মাঝডালে
মিষ্টি পাখির ঘর,
তারে তোমরা খবর দিও
আসছি শনিবার।
বাড়ীর পাশে ধানক্ষেতে
দখিন হাওয়া দোলে,
হাঁটু জলে কই-পুঁটিরা
দলবেঁধে সব চলে।
জোৎস্না রাতে চাঁদের ছবি
ভাসে বিলের জলে,
ব্যাঙের ছানা নৃত্য করে
পদ্মপাতার তলে।
───
হৃদয় জুড়ে ইছামতির মাঠ
• সবুজ সুলতান
(রচনাকাল : ১৬-১০-২০২৬, বৃহস্পতিবার)
