দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
বিজ্ঞাপন
রোববার এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়ে তারা বলেন, খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধের বিস্তারে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। জনগণের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে।
নেজামে ইসলাম পার্টির শীর্ষ নেতারা বলেন, একটি রাষ্ট্রে নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান এবং স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। মানুষ যদি ঘর থেকে বের হয়ে নিরাপদে কর্মস্থলে পৌঁছাতে না পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনায় শঙ্কিত থাকে কিংবা সন্ধ্যার পর রাস্তাঘাটে চলাচলে আতঙ্ক বোধ করে, তবে তা কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়—এটি রাষ্ট্রের প্রতি জনগণের আস্থার জন্য একটি গুরুতর অশনিসংকেত।
তারা আরো বলেন, অপরাধী যে দল, মত বা পরিচয়েরই হোক না কেন, তাকে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের সুযোগ না দিয়ে কঠোরহাতে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে অপরাধ দমনের নামে নিরপরাধ কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন এবং অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাবে যেন কোনোভাবে আইন প্রয়োগ বাধাগ্রস্ত না হয়—তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।
