প্রকাশিত: ১৩:৩৯, ১৫ অক্টোবর ২০২৬ আপডেট: ১৪:১৩, ১৫ অক্টোবর ২০২৬
বিএনপি-এর লোগো
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে শুক্রবার (১৬ অক্টোবর) ফরম বিতরণ করবে বিএনপি। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩-মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়ন ফরম পূরণ করে আগামী ১৭ অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে।
উল্লেখ্য, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ।
