নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাসন্তী হাইওয়েতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা! প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাত-র গাড়ির সঙ্গে টোটোর ধাক্কায় মৃত্যু হল দুই টোটোযাত্রীর। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাধারে পড়ে যায় স্করপিওটি। দুর্ঘটনায় আহত হয়েছেন ঘাতক গাড়ির চালকও।
বুধবার দুপুরে বাসন্তী হাইওয়ের বয়ারমারি এলাকার ঘটনাটি ঘটেছে। গাড়িটি সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার রাজবাড়ি আউটপোস্টের পুলিশ। সঙ্গে সঙ্গে দুই টোটোযাত্রীকে উদ্ধার করে তাঁদের মিনাখাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাত জানান, চিকিৎসকের কাছে যাওয়ার জন্য তিনি চালককে গাড়ি নিয়ে আসার কথা বলেছিলেন। দুটি টোটোর রেষারেষির জেরেই এই দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন প্রাক্তন বিধায়ক। তবে চওড়া রাস্তায় কীভাবে এই সংঘর্ষ ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠেছে।
