প্রত্যেক বাঙালির মতোই দুর্গাপূজা নিয়ে প্রচণ্ড উত্তেজিত থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। এ বছরে সেই উত্তেজনা খানিক বেশি। কারণ, পুজোর পর-পরই মুক্তি পাবে তার নতুন ওয়েব সিরিজ ‘শ্বেতকালী ২’। পূজার আবহেই চলছে সেটির প্রচার কাজ।
নায়িকা হলেও পূজায় হইহই করে ঘুরতেই ভালবাসেন ঐন্দ্রিলা। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখতেও খুব পছন্দ করেন। তার কথায়, 'অঙ্কুশের (অভিনেতা অঙ্কুশ হাজরা) সঙ্গে এক দিন ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে। তা ছাড়া আমি ‘স্ট্রিট ফুড’ খেতে ভীষণ ভালবাসি। ওগুলো কী ভাবে যে এত সুস্বাদু হয়, জানি না। এখনও মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে নেমে ফুচকা খাই।' সপ্তমী পর্যন্ত প্রচারের কাজ সেরে অষ্টমী, নবমী, দশমী পুজো উপভোগ করবেন তিনি। মা, অঙ্কুশ, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে, নিজের মতো করে পুজো কাটানোর নানা পরিকল্পনা রয়েছে তার।
ষষ্ঠীতে বেজরঙা লেহঙ্গার সঙ্গে মানানসই গয়না পরে সল্টলেকের এফডি ব্লকের মণ্ডপে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন সহ-অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছিলেন পরিচালক সানি ঘোষ রায়। প্যান্ডেল চত্বরেই মুক্তি পায় সিরিজের প্রচার-ঝলক। পর্দার তারকাদের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শক, মণ্ডপে তাদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী।
কথায় কথায় উঠে আসে এর আগে ধারাবাহিকে অভিনীত তার চরিত্র ‘দুষ্টু’র প্রসঙ্গও। দর্শকের অনুরোধে ‘আমি চিনি গো চিনি তোমারে’ গানটি গেয়ে শোনান নায়িকা। গলা মেলান দর্শকও। ‘শ্বেতকালী’ সিরিজে মায়ের একাধিক রূপ দেখা গিয়েছিল। দ্বিতীয় ভাগেও তার অন্যথা হবে না। অভিনেত্রী বলেন, 'এই সিরিজ আমার কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। মাইলফলক বলা যেতে পারে। ফলে আমি প্রচণ্ড উত্তেজিত।'
