Published : 18 Oct 2026, 05:53 PM
Updated : 18 Oct 2026, 05:53 PM
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট লুট হওয়া একটি পিস্তল ও গুলি আগ্রাবাদের একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ২০২৪ সালের ৫ অগাস্ট থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া ম্যাগাজিনসহ একটি ‘টরাস’ পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ডবলমুরিং মডেল থানার ওসি আরিফ ফয়সলের নেতৃত্বে শনিবার গভীর রাতে আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশে পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযানটি চালানো হয়।
সে সময় ভবনটির দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা আমিনুর রশিদ।
