অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের (বিবিএল) ১৬তম আসরের জন্য আবারও হোবার্ট হারিকেন্সে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের লেগ-স্পিনার রিশাদ হোসেন। টানা দ্বিতীয় মৌসুমে অজি তারকা স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে হারিকেন্সের স্পিন আক্রমণের মূল দায়িত্ব সামলাবেন তিনি।
বিগ ব্যাশের গত আসরে (বিবিএল-১৫) হোবার্ট হারিকেন্সের হয়ে দারুণ এক অভিষেক মৌসুম কাটান রিশাদ। ১২ ম্যাচে ২০.৮৬ গড় ও ৭.৮২ ইকোনমি রেটে মোট ১৫টি উইকেট শিকার করেন তিনি। তাঁর সেরা বোলিং স্পেল ছিল ২৬ রানে ৩ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফ্র্যাঞ্চাইজিটির বর্ষসেরা বিবিএল খেলোয়াড় (বিবিএল প্লেয়ার অব দ্য ইয়ার) নির্বাচিত হন এই তরুণ লেগ-স্পিনার।
রিশাদকে দলে ধরে রাখা প্রসঙ্গে হোবার্ট হারিকেন্সের হাই-পারফরম্যান্স জেনারেল ম্যানেজার স্যালিয়ান বিমস বলেন, "গত মৌসুম শেষে রিশাদ আমাদের স্পষ্ট জানিয়েছিল যে সে হোবার্টে কাটানো সময় দারুণ উপভোগ করেছে এবং আবার ফিরতে চায়। অ্যাডাম জাম্পার অন্তর্ভুক্তিতে স্কোয়াডে কিছুটা পরিবর্তন এলেও রিশাদের মতো মানসম্মত খেলোয়াড়কে আমরা হাতছাড়া করতে চাইনি।"
তিনি আরও যোগ করেন, "প্রথমবার বিগ ব্যাশে এসে সব ম্যাচ খেলা এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া প্রমাণ করে সে কতটা দ্রুত অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে। জাম্পা ও রিশাদ- দুজন ভিন্ন ধরনের বিশ্বমানের লেগ-স্পিনারকে একসাথে পাওয়া আমাদের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সঠিক বৈচিত্র্য এনে দেবে।"
উল্লেখ্য, বিবিএল-১৪ এর ড্রাফটেই রিশাদকে দলভুক্ত করেছিল হোবার্ট, কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততার কারণে সেবার তাঁর খেলা হয়নি। পরবর্তীতে বিবিএল-১৫ আসরে অভিষেক হয়েই দলের আক্রমণের অন্যতম মূল অস্ত্র হয়ে ওঠেন তিনি।
বিবিএল-১৬ এর জন্য হোবার্ট হারিকেন্স স্কোয়াড: মার্কাস বিন, ইয়ন কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।
