চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে বায়ার্ন মিউনিখ। ভাইরাসজনিত সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছেন দলটির প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি। শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার দলের শেষ অনুশীলন ও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি তিনি। ফলে বুধবার রাতে আর্সেনালের বিপক্ষে ম্যাচে ডাগআউটে তার থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
কোম্পানির অনুপস্থিতিতে সংবাদ সম্মেলনে বায়ার্নের প্রতিনিধিত্ব করেন সহকারী কোচ অ্যারন ডাঙ্কস। তিনি জানান, আপাতত কোম্পানিকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। অসুস্থতার কারণে মাঝেমধ্যে ব্যথাও অনুভব করছেন এই কোচ। কবে নাগাদ তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, তা এখনো নিশ্চিত নয়।
ডাঙ্কসের ভাষ্য অনুযায়ী, কোম্পানির শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। ম্যাচের আগে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না, তা সময়ের সঙ্গে পরিষ্কার হবে। তবে সরাসরি মাঠে উপস্থিত হতে না পারলেও দূর থেকে দলের সঙ্গে যোগাযোগ রাখার ব্যবস্থা রয়েছে বায়ার্নের।
এর আগে গত শনিবার বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পায় বায়ার্ন। তবে সেই ম্যাচেও পুরোপুরি সুস্থ ছিলেন না কোম্পানি। অসুস্থতা ও নিতম্বের সমস্যার কারণে তাকে বেশির ভাগ সময় বেঞ্চে বসে থাকতে দেখা যায়। সাইডলাইনে খেলোয়াড়দের নির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করেন সহকারী কোচরা।
কোম্পানির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের পাশাপাশি দলের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়েও অনিশ্চয়তা রয়েছে বায়ার্ন শিবিরে। পায়ের সমস্যার কারণে মাঠের বাইরে থাকা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার সম্প্রতি অনুশীলনে ফিরেছেন। তবে আর্সেনালের বিপক্ষে তাকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এদিকে ব্যক্তিগত কারণে মঙ্গলবারের অনুশীলনে অংশ নেননি মিডফিল্ডার জশুয়া কিমিখ।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেও পরের ম্যাচে ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন। অন্যদিকে, প্রতিযোগিতায় নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আর্সেনাল। এমন পরিস্থিতিতে দুই দলের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে কোচ কোম্পানির অসুস্থতা এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বাড়তি চিন্তায় রয়েছে জার্মান ক্লাবটি।