বগুড়ার শেরপুরে সুদের পাওনা টাকা নিয়ে বিরোধে ছোট ভাইকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় সিরাজ (৬৪) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিরাজের ছোট ভাই ছানোয়ার হোসেন প্রতিবেশী তোজাম সরকারের কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ে তা পরিশোধ করতে না পারায় বৃহস্পতিবার রাতে ছানোয়ারের বাড়ির আঙিনায় গিয়ে তাকে মারধর শুরু করেন তোজাম ও তাঁর লোকজন। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে সিরাজের ওপরও হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই সিরাজ মারা যান। আহত ছানোয়ারকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে নিহতের ছেলে জহুরুল ইসলাম (৪৩) বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে নাকুয়া গ্রামের তোজাম সরকার (৫৫) ও তার ছেলে কাওসার আলীকে (২৬) গ্রেপ্তার দেখায়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, ঘটনার পরেই স্থানীয়রা তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং নিহতের লাশ উদ্ধারসহ অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
