ধর্মীয় স্বাধীনতা, অসাম্প্রদায়িক চেতনা এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের গঙ্গা মালাকার বাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একটি বৈষম্যহীন, নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
পরিদর্শনকালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আবহমানকাল ধরে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে প্রতিটি ধর্মের মানুষ পূর্ণ স্বাধীনতা ও সমান অধিকার নিয়ে স্ব-স্ব ধর্ম পালন করে আসছে। আমাদের মধ্যে জাতি, ধর্ম বা বর্ণের কোনো বিভেদ নেই; আমাদের মূল পরিচয় আমরা সবাই বাংলাদেশি।’
তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গোৎসব এখন আর কেবল নির্দিষ্ট কোনো ধর্মের মাঝে সীমাবদ্ধ নেই, এটি সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। বর্তমান সরকার ও আমাদের দল বিশ্বাস করে ধর্ম যার যার, দেশটা আমাদের সবার। কোনো অশুভ শক্তি যেন হাজার বছরের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। আপনারা নির্ভয়ে ও আনন্দমুখর পরিবেশে উৎসব উদযাপন করুন, যেকোনো প্রয়োজনে সরকার আপনাদের পাশে আছে।’
এ সময় তিনি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের সাথে সরাসরি কুশল বিনিময় করেন। খাদ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ ও আনন্দ-উচ্ছ্বাস বহুগুণ বেড়ে যায়।
এসময় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও ভেনাস জুয়েলার্সের চেয়ারম্যান গঙ্গা মালাকার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর তাজ আলম বাহার,জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, স্থানীয় বানিয়াজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আনসারী বিল্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
