নাটোরের গুরুদাসপুরে গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর সময় শাকিল ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতির আশঙ্কায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শাকিল গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব এবং চাঁচকৈড় খোয়ারপাড়া গ্রামের রবিউল মিস্ত্রির ছেলে।
শাকিলের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে চাঁচকৈড় বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। নুর একাডেমির কাছে পৌঁছালে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে পেছন থেকে ধাওয়া করা হয়। একপর্যায়ে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকারের বাড়ির কাছে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আবদুল আজিজ এ ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।
এমএস/
