পাঁচলাইশ এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর ছিনতাই করা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
Published : 24 Oct 2026, 06:43 PM
Updated : 24 Oct 2026, 06:43 PM
চট্টগ্রামের রৌফাবাদে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর পাঁচলাইশ এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তারের পর ছিনতাই করা মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুই জন হলেন- রবিউল হাসান ভূঁইয়া ও আদনান উদ্দিন।
বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোটর সাইকেলের মালিক ও মামলার প্রধান আসামি পূর্ব পরিচিত। গত ১৮ অক্টোবর মামলার প্রধান আসামি গাজী সরোয়ার শ্রাবণ ফোনে মোটর সাইকেলের মালিক জামাল উদ্দিন জিকুকে রৌফাবাদ এলাকায় ডেকে নেন।
“এসময় জিকু মোটর সাইকেল নিয়ে সেখানে যাওয়া পর প্রাইভেট কারে করে এসে শ্রাবণের সহযোগীরা তার কাছ থেকে জোর করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেল মালিক মামলা করার পর অভিযানে নামে পুলিশ।
“শুক্রবার গভীর রাতে পাঁচলাইশ থানার মোমিনবাগ আবাসিক এলাকা থেকে রবিউল ও আদনানকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যে মোটরসাইকেল উদ্ধার এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়।”
মামলার বাদি জামাল উদ্দিন জিকু বলেন, তিনি পুরাতন প্রাইভেট কার ও মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত। সে হিসেবে কয়েক মাস আগে তার সঙ্গে শ্রাবণের পরিচয় হয়।
“শ্রাবণ তার পরিচিত এক ব্যক্তির কাছ থেকে প্রাইভেট কার এনে অপর এক ব্যক্তির কাছে বন্ধক রেখে টাকা নিয়েছিলেন। বিষয়টি থানা পর্যন্ত গড়ালে মোবাইল কলের সূত্র ধরে পুলিশ শ্রাবণের সন্ধানে আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল। এ সময় আমি পুলিশকে শ্রাবণের ঠিকানা দিয়েছিলাম।
“সে কারণে শ্রাবণ ক্ষুব্দ হয়েছিলেন। ঘটনার দিন আমাকে বিষয়টি নিয়ে কথা বলতে ফোন করে রৌফাবাদ যেতে বলেন শ্রাবণ। সেখানে যাওয়ার পর শ্রাবণ আমার বাইকের চাবি খুঁজলে তা দিতে অস্বীকার করি। এ সময় তার সহযোগী আরও কয়েকজন সেখানে আসেন এবং আমার কাছ থেকে জোর করে চাবি ছিনিয়ে নিয়ে বাইক নিয়ে চলে যায়।”
