জয়পুরহাটে যাত্রী সেজে অটোভ্যান ছিনতাইয়ের পর হত্যা!
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: খবরের কাগজ
-->জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকায় অটোভ্যান ছিনতাইয়ের পর চালক সাখাওয়াত হোসেন হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- হাবিল উদ্দিন, আনোয়ার হোসেন, জাকারিয়া ও জাহাঙ্গীর আলম ওরফে বিপ্লব। তারা পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আরও পড়ুন
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামাল জানান, গত ১৩ অক্টোবর পাঁচবিবি উপজেলার সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হন। সেদিন মামলার প্রধান আসামি হাবিল শালাইপুর বাজার থেকে পাথরঘাটা যাওয়ার জন্য সাখাওয়াতের ভ্যানটি ভাড়া করেন। এরপর সন্ধ্যার দিকে পাথরঘাটা সেতুর পাশে ভ্যানটি থামিয়ে সাখাওয়াতের মাথায় শাবল দিয়ে আঘাত করে হত্যা করে ভ্যানটি নিয়ে যান। পরে এই চক্রের সঙ্গে জড়িত আসামিরা ভ্যানটি ৪৩ হাজার টাকায় বিক্রি করেন।
এ ঘটনায় নিহতের ভাই পাঁচবিবি থানায় মামলা দায়ের করলে ডিবি পুলিশ নওগাঁ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত অটোভ্যান, রক্তমাখা গামছা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো লোহার শাবল উদ্ধার করা হয়।
আরও পড়ুন
সাগর কুমার/রিফাত/
আরও পড়ুন
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪২৫
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম
খবরের কাগজ গ্রাফিকস
-->কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় অভিযান চালিয়ে ৪২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৭৮ জন, পূর্ববর্তী মামলায় ৪৫ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২১ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৭ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৯ জন, পরোয়ানা মূলে ৭৮ জন, সাজা পরোয়ানা মূলে ১৮ জন রয়েছেন।
আরও পড়ুন
এ ছাড়া মাদক মামলায় ৩৩ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪১ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ২ হাজার ২শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ৩০টি মাদক মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন
অভিযানে ২ হাজার ৪০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ লিটার চোলাইমদ, ৩৫ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ৪ বোতল হুইস্কি, ৪ বোতল স্কাফ ও ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম ১, কক্সবাজার ১, কুমিল্লা ১, নোয়াখালী ১ এবং খাগড়াছড়ি থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১১৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৭৭ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয় এবং ৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলাভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৩৯ , কক্সবাজার ১১, কুমিল্লা ১১, ব্রাহ্মণবাড়িয়া ১৩, নোয়াখালী ১১, লক্ষ্মীপুর ৯, রাঙ্গামাটি ৬ এবং খাগড়াছড়িতে ১৬ জন।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
রিফাত/
আরও পড়ুন
কচুয়ায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিরা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে। অন্য শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন। পরে দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফয়েজ/এএফ
আরও পড়ুন
কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->কক্সবাজারে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬ লাখ ৫২ হাজার ২৪৮টি ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার বাংলা মদ।
রবিবার (১৮ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দ মূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী বিভিন্ন বর্ডার আউটপোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করা হয়েছিল।
আরও পড়ুন
৩৪ বিজিবির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন। অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক, বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
৩৪ বিজিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে ব্যাটালিয়নটি মোট ১৬০ কোটি ২৮ লাখ ৬৭ হাজার ৯২০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে। এসব ঘটনায় ২৮৫ জন আসামিকে আটক করা হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান, সীমান্তে নজরদারি জোরদার এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে ৩৪ বিজিবি। মাদকের বিস্তার রোধ ও সীমান্ত সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি।
তারেকুর/এএফ
আরও পড়ুন
নেত্রকোনায় মিষ্টির দোকানের কর্মচারীকে গুলি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পিএম
ছবি: খবরের কাগজ
-->নেত্রকোনার মোহনগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক মিষ্টির দোকানের কর্মচারীকে গুলি করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা সদরের মাইলোড়া এলাকার রামকৃষ্ণ মঠের কাছে এ হামলার ঘটনা ঘটে।
সুজন পালকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন
সুজন পাল খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে মোহনগঞ্জের মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি পৌর শহরের একটি মিষ্টির দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন।
সুজনের স্বজনেরা জানান, রবিবার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাইরে বের হন তিনি। বাসার কাছে অবস্থিত রামকৃষ্ণ মন্দিরের পুকুরঘাটে যাওয়ার সময় মুখোশধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অলক কান্তি তালুকদার বলেন, ‘সুজনের পিঠে গুলি লেগেছে।’
সুজনের স্ত্রী টুম্পা পাল সাংবাদিকদের জানান, মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী সুজনের কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান সম্পর্কে জানতে চান। কথা বলার সময় একজন আগ্নেয়াস্ত্র বের করলে সুজন দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সন্ত্রাসীরা তাকে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়।
খবর পেয়ে মোহনগঞ্জ উপজেলার ইউএনও আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও আহতের স্বজনদের সঙ্গে কথা বলেছেন।
ওসি হাফিজুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা তদন্ত শুরু করেছি। সন্ত্রাসীদের শনাক্ত করার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ, অন্যান্য আলামত ও তথ্য সংগ্রহ করছি। তা ছাড়া তার পরিবারকে মামলা করতে বলেছি।’
ওসি আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হয়েছে, সুজনকে নাইন এমএম পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’
সুজনের সঙ্গে কারও বিরোধ ছিল কি না, তা বলতে পারছেন না সংশ্লিষ্ট কেউ।
সঞ্জয় সরকার/রিফাত/
