আজকাল ওয়েবডেস্ক: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এবার কী পদক্ষেপ করবে পুলিশ? নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এই প্রশ্নেই বুধবার নবান্নে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উনি বাঘ না সিংহ? যে ওনাকে ভয় পেতে হবে। আমি ভয় পাওয়ার লোক নই।” মুখ্যমন্ত্রীর আরও হুঁশিয়ারি, “আমি ছেড়ে দেওয়ার লোক নই। দেখুন না কী হয়। ফলাফল পাবেন।”
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিকাশববাবুর করা এক মন্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত। ঘটনার প্রেক্ষিতে সমাজমাধ্যমে ‘হিন্দুত্ববাদী গুন্ডা’ শব্দবন্ধ ব্যবহার করে পোস্ট করেছিলেন আইনজীবী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই পোস্টের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী তাঁকে চব্বিশ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। পোস্ট থেকে ‘হিন্দু’ শব্দটি মুছে ফেলার নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিকাশবাবু শব্দটি বাদ না করলে আইনি পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।
এর পরেই বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে কলকাতার দু'টি থানায় এফআইআর দায়ের হয়। তাঁকে পুলিশি নোটিশও পাঠানো হয়। তবে সেই নোটিশের কোনও জবাব দেননি বিকাশরঞ্জন ভট্টাচার্য। বরং নোটিশের পরিপ্রেক্ষিতে তাঁর বক্তব্য, “একশটি থানায় অভিযোগ হবে, তারপর বলব।”
বুধবার নবান্ন সভাঘরে মন্ত্রীসভার বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, তাঁর বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও কেন কোনও পদক্ষেপের কথা সামনে আসেনি। জবাবে বিকাশরঞ্জনের আইনজীবী পরিচয় কিংবা আদালতে তাঁর ভূমিকা যে আইনের ঊর্ধ্বে থাকার কারণ হতে পারে না, সেই বার্তাই দেন শুভেন্দু। তাঁর কথায়, “ওনার আদালত থাকতে পারে, উনি আইনজীবী হতে পারেন, তাতে কী? পুলিশ আবার নোটিশ পাঠাবে। উনি কি আইনের ঊর্ধ্বে?”
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেল। এক দিকে পুলিশি নোটিশের জবাব না দেওয়ার অবস্থান জানিয়েছেন বিকাশরঞ্জন, অন্য দিকে মুখ্যমন্ত্রী ফের আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। এখন পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
