চিরঞ্জিৎ চক্রবর্তী Ei Samay
Published on
:
1 min read
অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী এই বার পুজোয় একটি মিউজ়িক ভিডিয়োতে গান গেয়েছেন। রবীন্দ্রনাথের গান ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, এ বার শোনা যাবে তাঁর কণ্ঠে। হঠাৎ এমন উদ্যোগ কেন? জবাবে অভিনেতা বলছেন, ‘নায়ক হিসেবে জনপ্রিয় হওয়ার পর আমি পুজোর সময়ে বাড়ি থেকে তেমন বেরোতে পারতাম না। নিজেকে নানা ক্রিয়েটিভ কাজে ব্যস্ত রাখতাম বরাবর। সেই ক্রিয়েটিভ তাগিদ থেকেই এই উদ্যোগ।’
এর সঙ্গে তিনি যোগ করেন, ‘একবার বাড়ির গ্লাস প্যানেলে পুজোর এই তিনদিন ধরে নানা কিছু এঁকেছিলাম। আগে নানা জায়গায় অনেক প্রোগামও থাকত পুজোর সময়ে।’
সঙ্গীতা দাস ও চিরঞ্জিৎ চক্রবর্তী Ei Samay
মাত্র ১২ বছর বয়সে মা-কে হারিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘পুজোর সময়ে যখনই কোনও সাবেকি প্রতিমা দেখি, এখনও মায়ের মুখের ঝলক একবার দেখতে পাই। এটা আর কোনও পুজোয় হয় না। মা যখন হাত ধরে ঠাকুর দেখাতেন, বলতেন, ‘দুর্গামা-কে প্রণাম করো’। সেটাই মনের মধ্যে গেঁথে রয়েছে। তাই এর থেকে বড় আনন্দের সময় আমার জীবনে আর কিছু নেই।’
একটা সময়ে ঠাকুর দেখার কম্পিটিশন চলত বন্ধুদের সঙ্গে। পরে প্রেমিকা, বর্তমান স্ত্রীর সঙ্গে ঠাকুর দেখতেন। তবে জনপ্রিয় নায়ক হয়ে যাওয়ার পর সেই সুযোগ কমে। ‘এখন ঠাকুর দেখার ক্রেজ়টা কমেছে। তবে আনন্দটা কমেনি একটুও।’ এই মিউজ়িক ভিডিয়োতে অভিনয়ে চিরঞ্জিতের সঙ্গে দেখা যাবে সঙ্গীতা দাসকে। নির্মাণে শুভাশিস সেনগুপ্ত, ভাবনা, পরিচালনায় মলয় ও দীপাঞ্জন ঘোষ।