পটুয়াখালীর বাউফলে গাছের ডাল কাটার সময় মাথায় পড়ে মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ১নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোসলেম উদ্দিন হাওলাদার ওই এলাকার মৃত আয়নালি হাওলাদারের ছেলে। তিনি বাউফল পৌর বিএনপির সদস্য ছিলেন।
নিহতের ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান জানান, তাদের বাড়ির কয়েকটি গাছ কালাইয়ার এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল। বুধবার দুপুরে গাছ কাটতে গিয়ে এক কাঠুরিয়া গাছে উঠে একটি ডাল কাটেন। পরে আরেক কাঠুরিয়া রশি দিয়ে ডালটি বেঁধে নিচে নামানোর চেষ্টা করেন। এ সময় ডালটি গাছের কাছেই দাঁড়িয়ে থাকা মোসলেম উদ্দিনের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেছেন, মোসলেম উদ্দিন হাওলাদার পৌর বিএনপির একজন সদস্য ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পৌর বিএনপি গভীরভাবে শোকাহত। এ ঘটনায় আমরা একজন সহকর্মীকে হারালাম। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও উপজেলা জামায়াতের নেতারা তার বাড়িতে ছুটে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, বিষয়টি আমি জেনেছি। পরিবারের কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।